ম্যাগেলান কী ধরনের পরীক্ষার পর বুঝেছিলেন যে পৃথিবী গোলাকার?
পোর্তুগিজ নাবিক ম্যাগেলান পূর্ব থেকে পশ্চিমে জাহাজ চালিয়ে যেখান থেকে সমুদ্রযাত্রা শুরু করেছিলেন তিন বছর পর ঠিক সেখানেই ফিরে এসেছিলেন | পৃথিবী গোল না হলে তিনি ওই একই স্থানে ফিরতে পারতেন না। এর মাধ্যমে তিনি বুঝেছিলেন যে পৃথিবী গোলাকার।
দিগন্তরেখা বলতে কী বোঝ?
সমুদ্রের ধারে বা কোনো ফাকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃত্তরেখায় মিশেছে। এই বৃত্তরেখাকে দিগন্তরেখা বলে | ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় দিগন্তরেখার পরিধিও তত বাড়ে।
পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু নক্ষত্রের নাম লেখো।
পৃথিবীর উত্তর মেরুর ওপর অবস্থিত (লম্বভাবে) মেরু নক্ষত্রটি হল ‘ধ্রুবতারা’ | অন্যদিকে, দক্ষিপমেরুর ঠিক ওপরে কোনো মেরু নক্ষত্র নেই। তবে দক্ষিপমেরুর পাশেই প্রায় মাথার ওপরে অবস্থিত নক্ষত্রটি হল 'Sigma Octantis'।
পৃথিবীর আকৃতির ওপর কেন্দ্রাতিগ বলের প্রভাব কী?
পৃথিবীর আবর্তন গতির জন্য সৃষ্ট কেন্দ্রাতিগ বা কেন্দ্রবহির্মুখী বলের প্রভাব নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক হওয়ায় বস্তুসমূহ বাইরের দিকে বেরিয়ে যেতে চায়। অপরদিকে, দুই মেরুতে আবর্তনের বেগ সবচেয়ে কম হওয়ায় সেখানে কেন্দ্রাতিগ বলের কোনো প্রভাব দেখা যায় না। এই কারণে পৃথিবীর মধ্যভাগ স্ফীত ও দুই মেরু অঞ্চল চাপা হয় অর্থাৎ পৃথিবীর আকৃতি অভিগত গোলাক।
পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন?
পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক হওয়ার জন্য কেন্দ্রবহির্মুখী শক্তির প্রভাবে নিরক্ষীয় প্রদেশটি বেশি স্ফীত এবং মেরু প্রদেশে এই বেগ সবচেয়ে কম হওয়ায় সেখানে অধিক কেন্দ্রমুখী শক্তির কারণে দুই মেরুপ্রদেশ চাপা হয়েছে ।
‘জিওয়েড' (Geoid) কী ?
গ্রিক শব্দ 'Geoeides' থেকে জিওয়েড (Geoid) শব্দটির উৎপত্তি | ‘Geo' অর্থ পৃথিবী এবং 'Oeides' অর্থ মতো বা সদৃশ | সুতরাং, জিওয়েড (Geoid) শব্দের অর্থ হল পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোনো বস্তুর আকৃতির কোনো মিল না থাকায় পৃথিবী তার নিজের আকৃতির সঙ্গেই একমাত্র তুলনীয় | তাই একে ‘জিওয়েড' (Geoid) বলে |
‘জিওডেসি’ কী ?
'জিওডেসি' (Geodesy) হল বিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে সমীক্ষা ও গণনার সাহায্যে পৃথিবীর আকৃতি (shape) ও আকার (size) পরিমাপ করার নানান বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
