জীববৈচিত্র্য কাকে বলে? এটি প্রধানত কত প্রকার?
জীববৈচিত্র্য: জল, স্থল ও অন্তরীক্ষে বিন্যস্ত সমস্ত সজীব উপাদানের জিনগত বা অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি ও বাস্তুতান্ত্রিক যে বিভিন্নতা দেখা যায় তাকে জীববৈচিত্র্য বলে (বসুন্ধরা সম্মেলন, 1992)।
প্রকারভেদ: জীববৈচিত্র্য প্রধানত তিন প্রকার। যথা— 1. জিনগত বৈচিত্র্য, 2. প্ৰজাতি বৈচিত্র্য এবং 3. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।
জিনগত বৈচিত্র্য কাকে বলে?
একই প্রজাতির মধ্যে জিনের বিভিন্ন প্রকরণ এবং সমন্বয়কে জিনগত বৈচিত্র্য বলে। যেমন—মানুষের উচ্চতার বৈচিত্র্য।
প্রজাতি বৈচিত্র্য কাকে বলে?
কোনো নির্দিষ্ট অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়ে উপস্থিত বিভিন্ন প্রজাতির জীবের বৈচিত্র্যকে ওই অঞ্চলের প্রজাতি বৈচিত্র্য বলে। কোনো বিশেষ অঞ্চলে বসবাসকারী প্রজাতির সংখ্যা নির্ণয়ের মাধ্যমে প্রজাতি বৈচিত্র্য নির্ধারিত হয়।
বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে?
একটি বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্র এবং তাতে উপস্থিত বিভিন্ন জীবসম্প্রদায়ের যে বৈচিত্র্য দেখা যায়, তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে | বিভিন্ন জীব বিভিন্নভাবে সমন্বিত হয়ে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র গঠন করে। বিভিন্ন বাস্তুতন্ত্রের গঠন ও কাজ পৃথক হয়। বিভিন্ন বাস্তুতন্ত্রের এই বিভিন্নতাই হল বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যেমন—প্রবাল দ্বীপের বাস্তুতন্ত্র, বৃষ্টিঅরণ্যের বাস্তুতন্ত্র।
প্রজাতি কাকে বলে?
একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীর অন্তর্গত জীব, যারা বংশগতভাবে এক ও আন্তঃপ্রজননক্ষম এবং জননের মাধ্যমে প্রজননক্ষম অপত্যের জন্ম দেয়, তাদের প্রজাতি বলে।
জৈববৈচিত্র্যের উৎস বা কারণগুলি কী কী ?
জৈববৈচিত্র্যের উৎস হল প্রকরণ এবং প্রকরণের জননের মাধ্যমে সঞ্চারণ| প্রকরণ সৃষ্টির কারণগুলি হল— মিউটেশন (জিনের হঠাৎ স্থায়ী পরিবর্তন), অভিযোজন, প্রজননগত বিচ্ছিন্নতা এবং প্রাকৃতিক নির্বাচন।
জৈববৈচিত্র্যের হটস্পট বলতে কী বোঝ?
বিজ্ঞানী নরম্যান মায়ার্স এর মতে পৃথিবীর যে সকল স্থানে সর্বাধিক সংখ্যায় বিপদগ্রস্ত এনডেমিক প্রজাতি বাস করে সেই সকল অঞ্চলকে হটস্পট বলে | পৃথিবীতে 34টি হটস্পট রয়েছে। এর মধ্যে ভারতে রয়েছে এটি।
উষ্ণতাকে জীবের জীবনীশক্তির পরিচালক বলা হয় কেন?
উদ্ভিদ ও প্রাণীকুলের অন্তর্গত প্রতিটি জীবের জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য একটি নির্দিষ্ট উন্নতার প্রয়োজন হয়। সেই কারণে উষ্ণতাকে জীবের জীবনীশক্তির পরিচালক বলে।
চলন কাকে বলে?
যে প্রক্রিয়ায় জীব উদ্দীপকের প্রভাবে অথবা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন করে, কিন্তু সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে না, তাকে চলন বলে।
গমন কাকে বলে?
যে প্রক্রিয়ায় জীব উদ্দীপকের প্রভাবে অথবা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, তাকে গমন বলে।
জীবনচক্র কাকে বলে?
জীবের জন্ম, বৃদ্ধি, পূর্ণাঙ্গ অবস্থা, বংশবৃদ্ধি এবং মৃত্যু—এই পর্যায়গুলির ধারাবাহিকভাবে চক্রাকার আবর্তনকে জীবনচক্র বলা হয়। যেমন—ব্যাঙের জীবনচক্র, উদ্ভিদ, মসের জীবনচক্র।
জড় বস্তু কাকে বলে?
যেসব বস্তুর চেতনা নেই, স্বেচ্ছায় নড়চড়া করতে পারে না, বৃদ্ধি হয় না, উত্তেজনায় সাড়া দেয় না এবং বংশবিস্তার করে না অর্থাৎ, প্রাণের ধর্মগুলি যাদের মধ্যে প্রকাশ পায় না, তাদের জড় বস্তু বলে । যেমন—টেবিল, পাথর ইত্যাদি |
জীবন বলতে কী বোঝ?
জীবের প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ, প্রজনন, বিপাক, উত্তেজিতা, অভিযোজন, বৃদ্ধি ও ক্ষয়পূরণ প্রভৃতির বহিঃপ্রকাশকে জীবন বলে।
জনন বলতে কী বোঝ? বংশগতি কাকে বলে?
জনন : জনিতৃ জীব থেকে একই প্রকার বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টির জৈবনিক প্রক্রিয়াকে জনন বলে |
বংশগতি: যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক গুণাবলি বংশপরম্পরায় সন্তান-সন্ততির দেহে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে।
উত্তেজিতা কাকে বলে? উদ্ভিদদেহে বা জীবদেহে উত্তেজিতার একটি উদাহরণ দাও।
উত্তেজিতা: বাহ্যিক উদ্দীপকের প্রভাবে জীবদেহে যে প্রতিক্রিয়া বা পরিবর্তন ঘটে, তাকে উত্তেজিতা বলে।
উদাহরণ: লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে পাতাগুলি তৎক্ষণাৎ মুদে যায়।
