Class 9 Life Science Chapter 1.2 (জীববিদ্যা - জীবের রীতি, পক্রিয়া ও বৈচিত্র্যের) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

জীববিদ্যা কাকে বলে?

বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রকার জীবের আকৃতি, প্রকৃতি, গঠন, উৎপত্তি, শারীরবৃত্তীয় কার্যাবলি, বিবর্তন প্রভৃতি বিষয়ে অধ্যয়ন, পরীক্ষানিরীক্ষা, পর্যবেক্ষণ ও আলোচনা করা হয়, তাকে জীববিদ্যা বলে।



উদ্ভিদবিদ্যা কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের গঠন, প্রকৃতি, শ্রেণি-বিন্যাস, শারীরবৃত্তীয় কার্যকলাপ, ব্যাবহারিক প্রয়োগ, ভৌগোলিক বিস্তার প্রভৃতি বিষয়ে অধ্যয়ন, জ্ঞান অর্জন ও আলোচনা করা হয়, তাকে উদ্ভিদবিদ্যা (botany) বলে |



প্রাণীবিদ্যা কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীদের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন, প্রকৃতি, শ্রেণিবিন্যাস, শারীরবৃত্তীয় ক্রিয়া, ভৌগোলিক বিস্তার, সংরক্ষণ প্রভৃতি বিষয়ে অধ্যয়ন, জ্ঞানার্জন ও আলোচনা করা হয়, তাকে প্রাণীবিদ্যা বলে।



শারীরবিদ্যা বলতে কী বোঝ?

জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের বিভিন্ন জৈবনিক কাজের প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায়, তাকে শারীরবিদ্যা (physiology) বলে।



শারীরস্থান কাকে বলে?

জীববিদ্যার যে শাখায় জীবদেহের অঙ্গ, তন্ত্রের গঠন ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায়, তাকে শারীরস্থান (anatomy) বলে।



কলাস্থানবিদ্যা বা হিস্টোলজি (histology) কাকে বলে?

জীববিদ্যার যে শাখায় জীবদেহের কলার গঠন, অবস্থান, আকৃতি ও কাজ সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে কলাস্থানবিদ্যা বা হিস্টোলজি বলে।



স্বাস্থ্যবিজ্ঞান কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখা মানুষের বা অন্যান্য প্রাণীর শারীরিক ও মানসিক স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার বিষয়ে আলোচনা করে, তাকে স্বাস্থ্যবিজ্ঞান বলে।



অণুজীববিদ্যা কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখায় ভাইরাস, ব্যাকটেরিয়া প্রভৃতি আণুবীক্ষণিক জীব সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায়, তাকে অণুজীববিদ্যা (microbiology) বলে।



বংশগতিবিদ্যা (genetics) কাকে বলে?

জীববিদ্যার যে শাখায় জীবের বংশগত বৈশিষ্ট্যের সঞ্চালন সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলে।



বিবর্তনীয় জীববিদ্যা (evolutionary biology) কাকে বলে?

জীববিদ্যার যে শাখায় জীবজগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে বিবর্তনীয় জীববিদ্যা (evolutionary biology) বলে।



আণবিক জীববিদ্যা কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখায় জীবের বিভিন্ন অন্তঃকোশীয় উপাদানসমূহের আণবিক গঠন নির্ণয় ও তার প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে আণবিক জীববিদ্যা (molecular biology) বলে ।



ইমিউনোলজি বা অনাক্রম্যবিদ্যা কাকে বলে?

জীববিদ্যার যে শাখায় বহিরাগত কোনো বস্তুর অনুপ্রবেশের ফলে দেহে উদ্ভূত প্রতিরোধী ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে ইমিউনোলজি (immunology) বা অনাক্রম্যবিদ্যা বলে।



ইথোলজি (ethology) কাকে বলে?

জীববিদ্যার যে শাখায় জীবের আচরণ-সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, তাকে ইথোলজি (ethology) বলে।



ফলিত জীববিদ্যা কাকে বলে? উদাহরণ দাও।

ফলিত জীববিদ্যা: জীববিদ্যার যে শাখায় জীববিদ্যার জ্ঞান প্রয়োগ করে মানব প্রয়োজন মেটানো ও উন্নয়ন ঘটানো হয় তাকে ফলিত জীববিদ্যা বলে।

উদাহরণ: 1. চিজ উৎপাদন, মৎস্যচাষ প্রভৃতি চিরাচরিত ফলিত জীববিদ্যা শাখা। 2. জেনেটিক ইঞ্জিনিয়ারিং (ওষুধ তৈরিতে সাহায্য করে) হল আধুনিক ফলিত জীববিদ্যা শাখা।



প্রায়োগিক জীববিদ্যার শাখাগুলি কী কী?

প্রায়োগিক জীববিদ্যার শাখাগুলি হল- 1. মৌচাষ, 2. পশুপালনবিদ্যা, 3. কৃষিবিদ্যা, 4. উদ্যানবিদ্যা, রেশমচাষ।



কৃষিবিদ্যা কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখায় যাবতীয় ফসল এবং অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন উদ্ভিদের উৎপাদন বৃদ্ধি, তাদের রোগনিরাময়, উৎকর্ষ সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত উদ্ভিদ সৃষ্টি, ফসলের সঞ্জয়যোগ্যতা, বৃদ্ধি ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, তাকে কৃষিবিদ্যা (agriculture) বলে |



উদ্যানবিদ্যা বা হরটিকালচার কাকে বলে?

জীববিদ্যার যে শাখায় ফুল,ফল ও ভেষজ উদ্ভিদের উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত আলোচনা করা হয়, তাকে উদ্যানবিদ্যা বা উদ্যান পালন বিদ্যা বা হরটিকালচার বলে।



জীবরসায়নবিদ্যা কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের যাবতীয় রাসায়নিক পদার্থ শনাক্তকরণ, তাদের রাসায়নিক ধর্ম নির্ণয় ও তাদের প্রয়োগ বিষয়ে আলোচনা করা হয়, তাকে জীবরসায়নবিদ্যা (biochemistry) বলে।



জীবপদার্থবিদ্যা কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখায়, জীববিদ্যায় পদার্থবিদ্যার যথার্থ প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে জীবপদার্থবিদ্যা (biophysics) বলে। পদার্থবিদ্যার জ্ঞান দ্বারা সৃষ্ট বিভিন্ন যন্ত্র, যেমন—আলট্রাসোনোগ্রাফ, এন্ডোস্কোপ, অণুবীক্ষণ যন্ত্র ইত্যাদি জীববিদ্যায় বিভিন্নভাবে প্রয়োগ করা হয়।



জীবভূগোল (biogeography) কাকে বলে?

জীববিদ্যার অন্তর্গত যে শাখায় ভৌগোলিক পরিবেশে জীবের বিস্তার সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে জীবভূগোল (biogeography) বলা হয় |



রাশিবিজ্ঞান কাকে বলে? জীববিদ্যা ও রাশিবিজ্ঞানের সমন্বয়ে গঠিত বিজ্ঞান শাখাটির নাম কী ?

রাশিবিজ্ঞান: রাশিবিজ্ঞান (statistics) হল সেই ধরনের গাণিতিক বিজ্ঞান, যা মূলত আবশ্যিক সংখ্যা তথ্য সংগ্রহ, তার শ্রেণিবিভাজন এবং সারণিকরণের ভিত্তিতে কোনো ঘটনার ব্যাখ্যা, বর্ণনা এবং তুলনা করতে সক্ষম।

জীববিদ্যা ও রাশিবিজ্ঞানের সমন্বয়ে গঠিত শাখা: জীববিদ্যা এবং রাশিবিজ্ঞানের সমন্বয়ে গঠিত বিজ্ঞানের বিশেষ শাখাটির নাম হল বায়োস্ট্যাটিস্টিক্স।