Class 9 Life Science Chapter 1.3 Topic 2 (জীবের পাঁচটি রাজ্য শ্রেণিবিন্যাস) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

দুই রাজ্য শ্রেণিবিন্যাস কাকে বলে?

বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে দুই রাজ্য শ্রেণিবিন্যাসের ধারণা দিয়েছিলেন। তিনি সমগ্র জীবকে দুটি রাজ্যের অন্তর্ভুক্ত করেন।

রাজ্য দুটি হল: 

1. রাজ্য প্ল্যান্টি— সমস্ত উদ্ভিদ এই রাজ্যের অন্তর্গত।

2. রাজ্য অ্যানিমালিয়া—সমস্ত প্রাণী এই রাজ্যের অন্তর্গত।



দুই রাজ্য শ্রেণিবিন্যাসের অসুবিধাগুলি কী কী?

 দুই রাজ্য শ্রেণিবিন্যাসের অসুবিধাগুলি হল— 1. ছত্রাক সালোকসংশ্লেষে অক্ষম হওয়া সত্ত্বেও এদের উদ্ভিদরাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। 2. ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক কোশ হওয়া সত্ত্বেও এদের উদ্ভিদরাজ্যের অন্তর্ভুক্ত করা হয়।



হুইটেকারের পঞ্চ রাজ্য শ্রেণিবিন্যাসে পাঁচটি রাজ্য কী কী?

 হুইটেকারের পঞ্চ রাজ্য শ্রেণিবিন্যাসে পাঁচটি রাজ্য হল— 1. মোনেরা, 2. প্রোটিস্টা, 3. ফাংগি, 4. প্ল্যান্টি, এবং 5. অ্যানিমালিয়া।



পঞ্চ রাজ্য শ্রেণিবিন্যাস রীতি অনুযায়ী কোন্ কোন্ প্রোক্যারিওটকে মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়?

পঞ্চ রাজ্য শ্রেণিবিন্যাস রীতি অনুযায়ী ব্যাকটেরিয়া, নীলাভ-সবুজ শৈবাল, রিকেসি, স্পাইরোকিট্স, মাইকোপ্লাজমা-কে মোনেরা রাজ্যভুক্ত করা হয়।



পঞ্চ রাজ্য শ্রেণিবিন্যাস রীতি অনুযায়ী প্রোটিস্টা রাজ্যে কাদের স্থান দেওয়া হয়েছে?

পঞ্চ রাজ্য শ্রেণিবিন্যাস রীতি অনুযায়ী প্রোটিস্টা রাজ্যে এককোশী ইউক্যারিওটদের স্থান দেওয়া হয়েছে। যেমন প্রোটোেজায়া ডাইনোফ্ল্যাজেলেট |



মোনেরা বলতে কী বোঝ?

মোনেরা শব্দের উৎপত্তি হয় গ্রিক শব্দ 'monos' থেকে, যার অর্থ 'একটি' বা ‘single’ | প্রকৃত নিউক্লিয়াসবিহীন (নিউক্লিওয়েডযুক্ত) অর্থাৎ প্রোক্যারিওটিক, ক্ষুদ্র এককোশী প্রাচীনতম জীবগোষ্ঠীকে মোনেরা বলে| সমস্ত ব্যাকটেরিয়া এর অন্তর্গত। যেমন—স্যালমোনেলা টাইফি (Salmonella typhi), এশ্চেরশিয়া কোলাই (Escherechia coli)।



মোনেরার প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো।

 মোনেরার বৈশিষ্ট্যগুলি হল – 

1. প্রোক্যারিওটিক, এককোশী, কোণপ্রাচীরে পেপটাইডোগ্লাইকান থাকে। 

2. স্বভোজীরা উৎপাদক এবং পরভোজীরা বিয়োজকের ভূমিকা পালন করে। 

উদাহরণ - ব্যাকটেরিয়া।



প্রোক্যারিওটিক কোশ কাকে বলে? 

প্রকৃত নিউক্লিয়াসবিহীন যে অনুন্নত কোশে কোশপর্দা ছাড়া কোনো পর্দাবৃত অঙ্গাণু থাকে না, তাকে প্রোক্যারিওটিক কোশ বলে | উদাহরণ— এশ্চেরেশিয়া কোলাই।



ইউক্যারিওটিক কোশ কাকে বলে?

প্রকৃত নিউক্লিয়াসযুক্ত যে উন্নত কোশে কোশীয় অঙ্গাণু থাকে, তাকে ইউক্যারিওটিক কোশ বলে। উদাহরণ—উন্নত উদ্ভিদকোশ, উন্নত প্রাণীকোশ।



প্রোটিস্টা বলতে কী বোঝ?

প্রোটিস্টা শব্দের উৎপত্তি হয় গ্রিক শব্দ 'protistos’ থেকে, যার অর্থ ‘first of all' বা 'সবার প্রথম' | প্রজাতিভেদে প্রাণী, উদ্ভিদ বা ছত্রাকের বৈশিষ্ট্যযুক্ত এককোশী ইউক্যারিওটিক জীবগোষ্ঠীকে প্রোটিস্টা বলে | উদাহরণ—ইউগ্লিনা (Euglena), অ্যামিবা (Amoeba), প্যারামেসিয়াম (Paramoecium)।



প্রোটিস্টার প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো।

প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলি হল— 1. ইউক্যারিওটিক, এককোশী, কোশপ্রাচীর থাকলে তা সেলুলোজ নির্মিত । 2. স্বভোজী হলে উৎপাদক এবং পরভোজী হলে খাদকের ভূমিকা পালন করে। উদাহরণ— অ্যামিবা, ইউগ্লিনা।



প্রোটোজোয়া কাদের বলে? উদাহরণ দাও।

প্রোটোজোয়া: প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত সরল, এককোশী, আণুবীক্ষণিক প্রাণীগোষ্ঠীকে প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী বলে।

উদাহরণ: ইউক্লিনা (Euglena sp.), প্যারামেসিয়াম (Paramoecium sp.) ইত্যাদি।



পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের সুবিধা কী কী?

পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের সুবিধাগুলি হল— 1. উদ্ভিদরাজ্য থেকে ছত্রাক গোষ্ঠীকে আলাদা করা যথাযথ হয়েছে। 2. পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসেই প্রথম  জাতিজনির প্রয়োগ করা হয়। 3. প্রাণীরাজ্য থেকে প্রোটোজোয়া আলাদা করায় প্রাণীরাজ্য অনেক বেশি সমতাপূর্ণ হয়েছে। 4. উদ্ভিদরাজ্য থেকে ছত্রাক, ব্যাকটেরিয়া ও এককোশী শৈবালকে আলাদা করায়, বিবর্তনের ধারাটি উপলব্ধি করা সহজ হয়েছে।



পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের অসুবিধাগুলি কী কী ?

পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের অসুবিধাগুলি হল— শৈবালকে তিনটি রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন—নীলাভ-সবুজ শৈবাল (রাজ্য মোনেরা), ইউগ্লিনা (রাজ্য প্রোটিস্টা) এবং বাদামি শৈবাল (রাজ্য প্ল্যান্টি)। এটি সঙ্গত নয়। এই শ্রেণিবিন্যাসে ভাইরাসের কোনো অবস্থান রাখা হয়নি।