হৃদ্কপাটিকা কী?
হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে এবং হৃষ্প্রকোষ্ঠ ও রক্তবাহের সংযোগস্থলে উপস্থিত যে কপাটিকাগুলি হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্তের একমুখী সংবহনে সাহায্য করে,তাকে হূৎকপাটিকা বলে | যেমন— দ্বিপত্রক কপাটিকা।
হৃৎপিণ্ডে কপাটিকার কাজ কী?
হৃৎপিণ্ডে কপাটিকার কাজ হল, রক্তকে হৃৎপিণ্ডের মধ্যে বা শিরার মধ্য দিয়ে সুনির্দিষ্ট অভিমুখে প্রবাহিত হতে সাহায্য করা এবং বিপরীত দিকে ফিরে যেতে বাধা দান করা।
দ্বিপত্রক কপাটিকা বা মিট্রাল ভালভ-এর অবস্থান ও কাজ লেখো।
অবস্থান: মানুষের হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে, বাম অলিন্দ-নিলয় প্রবেশপথে অবস্থিত।
কাজ : অধিক অক্সিজেন -যুক্ত রক্তকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যেতে সাহায্য করে, কিন্তু বিপরীত পথে অর্থাৎ বাম নিলয় থেকে বাম অলিন্দে যেতে বাধা দেয়।
ত্রিপত্রক কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ-এর অবস্থান ও কাজ লেখো।
অবস্থান: মানুষের হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে অলিন্দ-নিলয় প্রবেশপথে অবস্থিত।
কাজ: অধিক কার্বনডাই অক্সাইড -যুক্ত রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যেতে সাহায্য করে, কিন্তু বিপরীত পথে অর্থাৎ ডান নিলয় থেকে ডান অলিন্দে যেতে বাধা দেয়।
অলিন্দ ও নিলয়ের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।
অলিন্দ ও নিলয়ের মধ্যে দুটি পার্থক্য হল – 1.অলিন্দ হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠ কিন্তু নিলয় হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ। 2. অলিন্দের প্রাচীর পাতলা, কিন্তু নিলয়ের প্রাচীর পুরু।
SA নোডের অবস্থান কোথায়? এর কাজ কী?
অবস্থান: মানুষের হূৎপিণ্ডের ডান অলিন্দের ঊর্ধ্বভাগে, ঊর্ধ্ব মহাশিরার প্রবেশ পথের সংযোগস্থলে সাইনো অ্যাট্রিয়াল নোড বা SA নোড অবস্থিত।
কাজ: SA নোড মানুষের হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক বা স্বাভাবিক পেসমেকার হিসেবে কাজ করে। এখান থেকেই হৃৎপিণ্ডের ছন্দবদ্ধতা সৃষ্টি হয় এবং দ্রুত তা সমগ্র হৃৎপিণ্ডে সঞ্চালিত হয়।
AV নোডের অবস্থান কোথায়? এর কাজ কী?
অবস্থান: মানুষের হৃৎপিণ্ডের ডান অলিন্দের পশ্চাৎভাগে যেখানে করোনারি সাইনাস উন্মুক্ত হয়, সেই স্থানের নিকটে অ্যাট্রিও-ভেন্ট্রিকিউলার নোড বা AV নোেড অবস্থিত।
কাজ: AV নোডের প্রধান কাজ হল, SA নোডে উৎপন্ন হৃদ্স্পন্দনকে হিজের বান্ডিল দিয়ে নিলয়ের দিকে সঞ্চালিত করা | কোনো কারণে SA নোডের ক্রিয়া ব্যাহত হলে, AV নোড হৃদস্পন্দন উৎপন্ন করে। তাই AV নোডকে সংরক্ষিত ছন্দনিয়ামক বা রিজার্ভ পেসমেকার বলে।
সিস্টোলিক চাপ কাকে বলে?
মানবদেহে হৃৎপিণ্ডের নিলয় দুটির সংকোচনকালে, ধমনির মধ্য দিয়ে প্রবাহিত রক্ত ধমনির প্রাচীরগাত্রে যে সর্বাধিক পার্শ্বচাপ প্রদান করে, তাকে সিস্টোলিক চাপ বলে।
ডায়াস্টোলিক চাপ কাকে বলে?
মানবদেহে চূৎপিণ্ডের নিলয় দুটির প্রসারণকালে, ধমনির মধ্য দিয়ে প্রবাহিত রক্ত ধমনির প্রাচীরগাত্রে যে সর্বনিম্ন পার্শ্বচাপ প্রদান করে, তাকে ডায়াস্টোলিক চাপ বলে।
একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?
একজন প্রাপ্তবয়স্ক সুস্খ লোকের স্বাভাবিক রক্তচাপ হল: 120/80mm Hg অর্থাৎ, SP (সিস্টোলিক চাপ) = 120mm Hg, DP (ডায়াস্টোলিক চাপ) = 80mm Hg।
সিস্টেমিক সংবহন কাকে বলে?
যে সংবহনে রক্ত, হৃৎপিণ্ড থেকে অধিক অক্সিজেন যুক্ত রক্ত ধমনি-পথে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং দেহের বিভিন্ন অংশ থেকে পুনরায় অধিক কার্বনডাই অক্সাইড যুক্ত রক্ত শিরাপথে হৃৎপিণ্ডে ফিরে আসে, তাকে সিস্টেমিক সংবহন বলে।
পোর্টাল সংবহন কাকে বলে?
যে সংবহনে রক্ত, দেহের কোনো অঙ্গের বা অংশের রক্তজালক থেকে হৃৎপিণ্ডে ফিরে আসার আগে পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে অথবা বৃক্কে প্রবেশ করে, তাকে পোটাল সংবহন বলে।
পালমোনারি ও সিস্টেমিক সংবহন পরস্পর বিপরীত কেন?
হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয় অধিক কার্বনডাই অক্সাইড যুক্ত রক্ত এবং বাম অলিন্দ ও বাম নিলয় অধিক অক্সিজেন যুক্ত রক্ত সংবাহিত করে। সিস্টেমিক সংবহনের ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা যেহেতু অধিক কার্বনডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, তাই তা ডান অলিন্দে যুক্ত হয়। কিন্তু পালমোনারি সংবহনের ফুসফুসীয় শিরা অধিক অক্সিজেন যুক্ত রক্ত বহন করে বলে, তা বাম অলিন্দে যুক্ত হয়। পক্ষান্তরে, সিস্টেমিক সংবহনের মহাধমনি অধিক অক্সিজেন যুক্ত রক্ত সারাদেহে ছড়িয়ে দেয় বলে তা বাম নিলয় থেকে নির্গত হয়। কিন্তু পালমোনারি সংবহনের ফুসফুসীয় ধমনি অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায় বলে তা ডান নিলয় থেকে উৎপন্ন হয়। এই কারণে, উভয় প্রকার সংবহন বিপরীতমুখী হয়।
দ্বিচক্রী হৃৎপিণ্ড কাকে বলে?
যে হৃৎপিণ্ডে, অধিক অক্সিজেন যুক্ত রক্ত ও অধিক কার্বনডাই অক্সাইড যুক্ত রক্ত দুটি পৃথক চক্রে সংবাহিত হয়, তাকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে। যেমন—মানুষের হৃৎপিন্ড।
দ্বিসংবহন কাকে বলে?
সিস্টেমিক সংবহন ও ফুসফুসীয় সংবহন নিয়ে গঠিত প্রাণীর সংবহন পদ্ধতিকে দ্বিসংবহন (double circulation) বলে । যেমন—মানুষ, পাখি ইত্যাদির সংবহন।
ভেনাস হৃৎপিণ্ডের সংজ্ঞা লেখো।
ভেনাস হৃৎপিণ্ড: একটি করে অলিন্দ ও নিলয় দ্বারা গঠিত যে হৃৎপিণ্ডে সর্বদা অধিক কার্বনডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়, তাকে ভেনাস হৃৎপিশু বলে।
