Class 9 Life Science Chapter 4 (জীববিদ্যা ও মানবকল্যাণ) Part 1 Topic 3 (অনাক্রম্যতা এবং মানুষের রোগ) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অনাক্রম্যতা সাড়া বা ইমিউন রেসপন্স কাকে বলে?

বাহ্যিক কোনাে জীবাণু টক্সিন বা অ্যান্টিজেন দেহের অভ্যন্তরে প্রবেশ করলে দেহের অনাক্রম্যতা তন্ত্র সক্রিয় হয়ে যে পদ্ধতিতে তাদের ক্ষতিকর প্রভাব দূর করার চেষ্টা করে, তাকে অনাক্রম্যতা সাড়া বা ইমিউন রেসপন্স বলা হয়।



প্রাইমারি ইমিউন রেসপন্স বা প্রাথমিক অনাক্রম্য সাড়া কাকে বলে ? উদাহরণ দাও।

প্রাইমারি ইমিউন রেসপন্স: বাহ্যিক কোনাে ব্যাকটেরিয়া, ভাইরাস প্রভৃতি জীবাণু বা অ্যান্টিজেন দেহে প্রথম প্রবেশের ফলে যে অনির্দিষ্ট ও ধীর প্রতিরােধী পদ্ধতি কার্যকরী হয়, তাকে প্রাইমারি ইমিউন রেসপন্স বা প্রাথমিক অনাক্রম্য সাড়া বলে।

 উদাহরণ: প্রথমবার হাম অথবা জলবসন্ত দ্বারা আক্রান্ত কোনাে ব্যক্তির দেহে যে প্রতিরােধী ব্যবস্থা কার্যকরী হয়।



সেকেন্ডারি ইমিউন রেসপন্স বা গৌণ অনাক্রম্য সাড়া কাকে বলে ? উদাহরণ দাও।

গৌণ ইমিউন রেসপন্স: জীবাণু বা অ্যান্টিজেনের দ্বিতীয় বা পরবর্তী সংস্পর্শে দেহে স্মৃতি নির্ভর যে নির্দিষ্ট দ্রুত প্রতিরােধ ব্যবস্থা কার্যকরী হয় এবং যা ওই জীবাণু বা অ্যান্টিজেনের বিনাশ দ্বারা দেহকে সুস্থ রাখে, তাকে সেকেন্ডারি ইমিউন রেসপন্স বা গৌণ অনাক্রম্য সাড়া বলা হয়।

উদাহরণ: যদি কোনাে ব্যক্তি জলবসন্ত দ্বারা একবার আক্রান্ত হন, তবে তার দেহে এই রােগগুলির অ্যান্টিবডি চিরকাল স্থায়ী হয়। দ্বিতীয়বার আক্রান্ত হলে ওই অ্যান্টিবডিগুলি জলবসন্তের অ্যান্টিজেনের বিরুদ্ধে তৎক্ষণাৎ কার্যকরী হয়। ফলে রােগটি প্রতিহত হয়। একেই সেকেন্ডারি ইমিউন রেসপন্স বলে।



সংজ্ঞা - রসনির্ভর ও কোশনির্ভর অনাক্রম্যতা।

রসনির্ভর অনাক্রম্যতা বা হিউমােরাল ইমিউনিটি: অর্জিত অনাক্রম্যতা ব্যবস্থার অন্তর্গত যে ব্যবস্থায় B-লিম্ফোসাইট ক্ষরিত রক্তরসের অ্যান্টিবডি দেহকে প্রতিরক্ষা প্রদান করে থাকে, তাকে রসনির্ভর অনাক্রম্যতা বা হিউমােরাল ইমিউনিটি বলে।

কোশনির্ভর অনাক্রম্যতা বা সেল মিডিয়েট ইমিউনিটি: দেহের অনাক্রম্যতন্ত্রের সাথে যুক্ত বিভিন্ন কোশের মাধ্যমে যে অনাক্রম্যতা সৃষ্টি হয়, তাকে কোষ নির্ভর অনাক্রম্যতা বা সেল মিডিয়েটেড ইমিউনিটি বলে।



 প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ কী? উদাহরণ দাও।

প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ: যে অঙ্গে T-লিম্ফোসাইট এবং B-লিম্ফোসাইট পরিণত হয়, তাকে প্রাথমিক লিঙ্কয়েড অঙ্গ বলা হয়। » উদাহরণ: অস্থিমজ্জা (B-কোশ পরিণত হওয়ার স্থান) এবং থাইমাস গ্রন্থি (T-কোশ পরিণত হওয়ার স্থান) হল প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ।



গৌণ লিম্ফয়েড অঙ্গ কী? উদাহরণ দাও।

গৌণ লিম্ফয়েড অঙ্গ: পরিণত B-লিম্ফোসাইট ও T-লিম্ফোসাইট যে অঙ্গে পরিবাহিত হয়ে অবস্থান করে এবং বিভাজিত হয়, তাকে গৌণ লিঙ্কয়েড অঙ্গ বলা হয়।